শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা দরকার : রিজভী

‘জাতীয় মানসম্মত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়িত হয়নি এবং শ্রমিকদের বিপুলসংখ্যক মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, যা দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।’

নয়া দিগন্ত অনলাইন
জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী |সংগৃহীত

শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি শ্রমিক মামলা নিষ্পত্তির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন।

তিনি বলেন, জাতীয় মানসম্মত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়িত হয়নি এবং শ্রমিকদের বিপুলসংখ্যক মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, যা দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে আলাপচারিতায় বর্তমান সরকারের শুরুর কার্যক্রম ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের নেয়া পদক্ষেপ এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন সঙ্কট মোকাবেলায় দ্রুত সিদ্ধান্ত নেয়াকে মানুষ ইতিবাচকভাবে দেখছে।

তিনি বলেন, জ্বালানি তেলের সঙ্কট পরিস্থিতিতে বাজারে দীর্ঘলাইন না থাকা এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের অসময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের ক্ষতিপূরণের ঘোষণা সরকারের দক্ষতার পরিচায়ক। এসব পদক্ষেপ শুরুতে ভালো বার্তা দিলেও ভবিষ্যতে ধারাবাহিকতা রক্ষা করাই বড় চ্যালেঞ্জ।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে শ্রমিকদের অধিকার ও কল্যাণে রাজনৈতিক অঙ্গীকারের কথা উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা এবং বিদ্যুৎখাতের নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এসব বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নেবে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় অগ্রাধিকার দেবে।