প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরে তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চার মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কার্ড চালুর অঙ্গীকার করা হয়েছে। এছাড়া ওয়ান ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
দেশের তরুণদের কর্মসংস্থানের মাধ্যমে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে। বেকারত্ব দূর করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
শনিবার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত ১২ জন নেতাকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আমারও মনে হয়নি। কিন্তু আপনারা গণমাধ্যমে যেভাবে প্রচার চালিয়েছেন, সত্যি সত্যিই সেটা ঘটল। উনি (রাষ্ট্রপতি) যেটা বলেছেন- তার স্বাস্থ্যের অবনতি হয়েছে, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এই কথাটি তিনি তার চিঠিতে লিখেছেন। সুতরাং আমরা ওইটুকুই জানি, আমরা ওইটুকুর মধ্যেই থাকব।’
পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি দলের উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্তের বিষয়; এ বিষয়ে তিনি কিছু জানেন না।
রাষ্ট্রপতির বিরুদ্ধে গণমাধ্যমে যেসব আলোচনা চলছে, সেগুলো সম্পর্কেও দল আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, রাষ্ট্রপতির বিষয়ে কী সিদ্ধান্ত হবে, তা দলের উচ্চতর নীতিনির্ধারণী ফোরাম ও নির্বাহী কমিটিই নির্ধারণ করবে।



