সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লাশ এভারকেয়ার হাসপাতাল থেকে তার ছেলে তারেক রহমানের গুলশানের বাসভবনে নেয়া হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ১৬ মিনিটে তার লাশ গুলশান-২-এর নর্থ এভিনিউয়ে অবস্থিত ১৯৬, গুলশান নর্থ অ্যাভিনিউতে প্রবেশ করে।
প্রাথমিকভাবে কথা ছিল, তার লাশ প্রথমে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেয়া হবে। কিন্তু পরে তার লাশবাহী গাড়িটি তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসায় নেয়া হয়।
এ সময় বাসভবনটির চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। নর্থ অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয় এবং যান চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়।
বাসভবনের সামনে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ভিড় করেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকে।
আজ সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজিংভ্যানে করে লাশ বের করা হয়। হাসপাতাল থেকে বাসভবন পর্যন্ত রাস্তার দু’পাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
বাসভবনে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।
আজ বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে।



