‘সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত গাছ আবার লাগানো হবে’

তারেক রহমানের সমাবেশ পরবর্তী পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বিএনপি নেতাকর্মীরা বর্জ্য অপসারণ করছেন এবং ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় লাগানো হবে বলে জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
৩০০ ফিটে সমাবেশের আবর্জনা সরাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
৩০০ ফিটে সমাবেশের আবর্জনা সরাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা |সংগৃহীত

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে অনুষ্ঠিত বৃহৎ জনসমাবেশের পর রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় জমে থাকা বর্জ্য-আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বিএনপি। পাশাপাশি সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত গাছ আবার লাগানো হবে বলেও জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেল এক ফেসবুক পোস্টে এ কথা জানায়। এদিন সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বর্জ্য অপসারণের কাজ শুরু করেন।

আমিনুল হক বলেন, ‘আমাদের নেতাকর্মীদের পাশাপাশি প্রায় ৩৫০ জন শ্রমিক বর্জ্য অপসারণের জন্য নিয়োগ করা হয়েছে।

আজ সারাদিন এসব বর্জ্য অপসারণ করা হবে। যদি কাজ শেষ না হয়ে, তবে আগামীকালও এই কার্যক্রম চলমান থাকবে। এ ছাড়া সমাবেশের কারণে যেসব গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে আবার গাছ লাগানো হবে।’