ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনে জনগণকে দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে বিএনপি সরকার বদ্ধপরিকর।
সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ উপজেলার তেঘুরিয়া ও কোণ্ডা ইউনিয়নে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা আমাদের নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছি। স্থানীয় নির্বাচনসহ অন্যান্য উন্নয়ন কাজ এবং বিভিন্ন সুবিধার যে দাবিগুলো রয়েছে- আমরা সেগুলো শুনবো ও তা বাস্তবায়ন করবো। আশা করি এই পথচলায় আপনাদের সকলের পূর্ণ সহযোগিতা পাবো।
তিনি আরো বলেন, বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে- এই কথাটি আপনাদের সবসময় বিশ্বাস রাখতে হবে। আপনারা আমাকে মনোনীত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের সব জনকল্যাণমুখী কার্যক্রম চলমান রেখেছি এবং যা প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করার প্রাণপণ চেষ্টা করছি। আমরা শুধু আপনাদের দোয়া ও সমর্থন কামনা করি।
অনুষ্ঠানে স্থানীয় তেঘুরিয়া ও কোণ্ডা ইউনিয়নের শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়।
এ সময় কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



