হামে ৬০০ শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রী কি পদত্যাগ করবেন: প্রশ্ন সেলিম উদ্দিনের

‘দেশে হামে শিশু মৃত্যুর মিছিল শুরু হয়েছে। অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণেই এই সঙ্কট তৈরি হয়েছে। সরকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথামালার রাজনীতি করছে। অথচ সরকারি চিকিৎসা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালে রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না, অথচ সেই সরকারি ওষুধ বাজারে বিক্রি করা হচ্ছে।’

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
রাজধানীর ভাটারায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে সেলিম উদ্দিন
রাজধানীর ভাটারায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে সেলিম উদ্দিন |নয়া দিগন্ত

৬ শিশু মৃত্যুর দায়ে হাসপাতাল বন্ধ করলে, হামে ছয় শ’র বেশি শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রী কি পদত্যাগ করবেন? — এমন প্রশ্ন ছুড়ে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

এসময় তিনি বলেন, ‘হাম প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে।’

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাটারায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, ‘দেশে হামে শিশু মৃত্যুর মিছিল শুরু হয়েছে। অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণেই এই সঙ্কট তৈরি হয়েছে। সরকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথামালার রাজনীতি করছে। অথচ সরকারি চিকিৎসা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালে রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না, অথচ সেই সরকারি ওষুধ বাজারে বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত বরাদ্দ নিয়ে নিম্নমানের চিকিৎসা যন্ত্রপাতি কিনে হাসপাতালে ফেলে রাখা হয়েছে।’

তিনি জরুরি টিকার পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা, হাসপাতালে শয্যা ও আইসিইউর সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও নজরদারি বাড়ানো, জাতীয় সংকটে বেসরকারি ক্লিনিকগুলোর সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি এবং চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ও অসহায়ত্ব কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

সেলিম উদ্দিন বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য ও নাগরিক সেবা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও এই নগরীকে একটি মানবিক নগর হিসেবে গড়ে তোলা হবে।

এছাড়াও ‘চোখের ছানি আক্রান্ত রোগীদের বাছাই করে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে’ বলেও জানান তিনি। এই মানবিক নগর গড়ে তোলার লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান সেলিম উদ্দিন।

উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৫০ চিকিৎসক কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে একই ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

অ্যাডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য মাওলানা কুতুব উদ্দিন, ফজলে আহমেদ প্রমুখ।