চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় নৃশংস হামলায় হাফিজুর রহমানের শাহাদাত ও একাধিক নেতাকর্মীর গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১ মার্চ) এক বিবৃতিতে এ ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
প্রদত্ত বিবৃতিতে সেক্রেটারি জেনারেল বলেন, ‘২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জীবননগরে ইফতারের পর বিএনপির সন্ত্রাসীরা জামায়াত কর্মী হাফিজুর রহমানকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং আরো কয়েকজনকে মারাত্মকভাবে আহত করেছে। আমি এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন-পরবর্তী প্রতিহিংসাপরায়ণ মনোভাব থেকে সংঘটিত এ বর্বর হামলা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য বা সামাজিক বিরোধ কোনোভাবেই সহিংসতা ও প্রাণহানির কারণ হতে পারে না। রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নিরস্ত্র মানুষের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি সরাসরি আঘাত।’
বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ‘অবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণের ন্যায়বিচারের প্রত্যাশা ক্ষুণ্ন হবে এবং এর দায় রাষ্ট্রকেই বহন করতে হবে।’
এসময় তিনি হাফিজুর রহমানের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন।



