নতুন দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সববায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসের একটি ক্রান্তিলগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের হাল ধরেছেন এবং তিনি হাল ধরছেন কিন্তু জনগণের ভোটে।’
শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এসময় বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষের ভোটে তিনি দীর্ঘ ১৭ বছরের শৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন।
ড. মঈন বলেন, ‘তিনি ছয় মাস আগে যে মন্ত্রিসভা গঠন করেছিলেন এটা সারাবিশ্বে একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারই ফলশ্রুতিতে আজকে তিনি মন্ত্রিসভায় সংযোজন করেন এবং বাংলাদেশের যে সমস্যাগুলো, যে কথাগুলো সম্বন্ধে তিনি নিজে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। ঠিক যেভাবে আমি বলেছি এটা দ্বিতীয় ক্রান্তিকাল।’
তিনি বলেন, ‘বাংলাদেশের অপর একটি ক্রান্তিকালে বাংলাদেশের সমগ্র মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়েছিল, যখন এই দেশের স্বাধীনতার যুদ্ধের উপযুক্ত সময় উপনীত হয়েছিল, তখন এদেশে যে রাজনৈতিক একটি দল নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, তারা যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’
‘এই ইতিহাসগুলো আজ বলতে হয় নতুন প্রজন্মের জন্যে, কেননা আজকে আমরা দেখেছি যে, বার বার বাংলাদেশের গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বার বার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য,’ বলেন তিনি।
এসময় নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীসহ নবনিযুক্ত অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।



