জামায়াত ও জাকাত নিয়ে বিএনপি নেত্রী নিলোফারের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অবস্থান জানান।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লগো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লগো |সংগৃহীত

একটি টেলিভিশন ‘টক শো’তে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি জামায়াতের অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনার সাথে জাকাতকে জড়িয়ে এবং গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে এ অবস্থান জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের একটি টক শোতে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি জামায়াতের অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনার সাথে যাকাত আদায় ও তা ব্যবহার নিয়ে এবং গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের আন্দোলনের অবস্থান বিষয়ে যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, আমি তার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় কাঠামোয় আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালনা করে। দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তা এবং প্রকাশনী থেকে লব্ধ আয় থেকে দলের কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া জাকাত আদায়সংক্রান্ত যে ফান্ড রয়েছে, তা আলাদা ব্যবস্থাপনায় প্রকৃত হকদার ও ইসলাম নির্ধারিত খাতে ব্যয় করা হয়, যা দলীয় নিয়মিত ব্যয়ের সাথে কোনো সম্পৃক্ততা নেই। আমি মনে করি, মাননীয় সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি অজ্ঞতাবশত এমন বক্তব্য দিয়েছেন। এজন্য অবিলম্বে তাকে তার প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। এর আগেও তিনি চাঁদাবাজিকে জাকাতের চেয়ে উত্তম বলে ধৃষ্টতা প্রদর্শন করেছেন, যা সর্বমহলে নিন্দিত হয়েছে এবং ক্ষমার অযোগ্য।’

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামীর যেসব নেতাকর্মী ৫% হারে দলীয় ফান্ডে দান করেন, তা তারা স্বেচ্ছায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করে থাকেন; কাউকে বাধ্য করা হয় না। জামায়াতে ইসলামী বেকারদের স্বাবলম্বী করা, দুঃস্থ ও অসহায়দের সহায়তা প্রদান, শিক্ষাবৃত্তি ও চিকিৎসাসেবা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ নানা সামাজিক কল্যাণমূলক কাজ এই অর্থ ব্যয় করে থাকে। সুতরাং, জামায়াতের তহবিলের অর্থে হাসপাতাল, পরিবহন ও ব্যাংক বানানোর যে তথ্য নিলুফার চৌধুরী মনি দিয়েছেন, তা অসত্য এবং নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।’

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘জামায়াত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলন নিয়ে নৈতিক দিক থেকে দুর্বল নয়; বরং দৃঢ়। নারীদের বিষয়ে জামায়াতের অবস্থান নিয়ে তিনি যে নেতিবাচক তথ্য দিয়েছেন, তাও অসত্য। জামায়াত নারীদের সম্মান রক্ষায় এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সবার চেয়ে এগিয়ে আছে।’

ভবিষ্যতে এমন অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।