আদালত প্রাঙ্গণে সময় টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রোববার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, ‘৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের আদালতে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিকালে সময় টিভির রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়ামকে কয়েকজন আইনজীবী কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন। এ ন্যাক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক চর্চা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। আদালতের ভেতরে এমন জঘন্য ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
‘আমি সরকারকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি।



