বিএনপি দুর্বল দল নয়, কারা নির্বাচন হতে দেবে না রাজপথে দেখতে চাই : হাফিজ

প্রশাসনে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে, এদের সরানোর জন্য কোনো ব্যবস্থা নেয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।

অনলাইন প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ |নয়া দিগন্ত

নির্বাচন বানচালকারীদের বিএনপি রাজপথেই প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘যারা বলছে যে নির্বাচন হতে দেয়া হবে না। আমরা তাদের বলতে চাই, বিএনপি কোনো দুর্বল দল নয়। কারা নির্বাচন হতে দেবে না ইনশা আল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। ১৭ বছরের আত্মত্যাগ তো ব্যর্থ হতে পারে না।’

আজ সোমবার দুপুরে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য এই হুঁশিয়ারি দেন। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে ‘জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নাই’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাফিজ বলেন, ‘আজকে আমরা বাংলাদেশের সবাইকে, সরকার, অন্যান্য রাজনৈতিক দল, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগকে মেসেজ দিতে চাই যে জিয়াউর রহমান আজ নেই। কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে। ইনশা আল্লাহ ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে।’

প্রশাসনে বসে থাকা ফ্যাসিস্টদের দোসরদের অপসারণ দাবি করে হাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ বর্তমান প্রশাসন। এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে, এদের সরানোর জন্য কোনো ব্যবস্থা নেয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।’

‘আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আজকে আবারো জানাব যে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই বর্তমান প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দোসরদের মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না।’

হাফিজ বলেন, ‘এনসিপিকেও আওয়ামী লীগের ওই রোগে ধরেছে। আওয়ামী লীগ যেমন ক্লেইম করে বাংলাদেশ তারাই স্বাধীন করেছে। এনসিপির এই সদ্য সাবালক ছাত্ররাও বলতে চায় যে শেখ হাসিনা সরকারের না কি তারাই পতন ঘটিয়েছে।’

‘বিএনপির ৫৮৮ জন সদস্য ৫ আগস্টের অভ্যুত্থানের দেড় মাসের সংগ্রামে জীবন দিয়েছে। এখন তারা মনে করে যে তারাই (এনসিপি) হলো এই রাষ্ট্রের কর্ণধার, তাদেরই দায়িত্ব এই দেশকে ঠিক করার। কিছুদিন আগে ডাকসু নির্বাচন হলো- এই এনসিপির তো সবাই ছাত্র, তারা ছাত্রদের প্রতিনিধি বলে দাবি করত, তারা এক শ’ ভোট পায় নাই ডাকসু নির্বাচনে। তারা এখন বলতে চায়, পিআর না হলে নির্বাচনই হতে দেবো না।’

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এই আলোচনা সভায় বিএনপির মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃ্বৃন্দ বক্তব্য রাখেন।