জাতীয় সম্মেলন সফল করার আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

আ ন ম শামসুল ইসলাম বলেন, ‘দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন কাজ করে যাচ্ছে।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য রাখছেন আ ন ম শামসুল ইসলাম
বক্তব্য রাখছেন আ ন ম শামসুল ইসলাম |সংগৃহীত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন আগামী ১১ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সম্মেলনকে সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ঢাকার বড় মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মাদ তসলিম, মজিবুর রহমান ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আব্দুস সালাম, মহিব্বুল্লাহ, অধ্যাপক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম, দফতর সম্পাদক নুরুল আমিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রনা মিঠু, প্রকাশনা সম্পাদক জামিল মাহমুদ প্রমুখ।

এতে সংগঠনের সভাপতি আ ন ম শামসুল ইসলাম বলেন, ‘দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও শিল্পাঞ্চল থেকে বিপুল সংখ্যক শ্রমিক প্রতিনিধি ও নেতা-কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের শক্তি ও ঐক্য আরো সুদৃঢ় হবে।‘

এর মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরো গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে দেশের শ্রমিক সমাজের মধ্যে ঐক্য, সচেতনতা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার জন্য নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।’

এ সম্মেলনের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনের আন্দোলন-সংগ্রামকে আরো সুসংগঠিত ও গতিশীল করার দিকনির্দেশনা নির্ধারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রস্তুতি সভায় সম্মেলনের সার্বিক আয়োজন সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, প্রচার-প্রচারণা, প্রতিনিধি সমাবেশ এবং বিভিন্ন উপ-কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি