দেশে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনবে বিএনপি : সালাহউদ্দিন

গণঅভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে; রাজপথে রক্ত দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ধানের শীষে ভোট চান সালাহউদ্দিন আহমেদ।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chakaria
বিএনপির নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমেদ
বিএনপির নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমেদ |বাসস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সময়ে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনবে বিএনপি। এজন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

আজ রোববার দুপুরে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির নির্বাচনী পথসভায় তিনি এই আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা অবাস্তব কিছু বলছি না। শিক্ষিত বেকার তৈরি না করে, কর্মক্ষম হাতের সৃজন করাই আমাদের উদ্দেশ্য। আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত তৈরি করতে চাই।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিলুপ্ত গণতন্ত্রকে বার বার বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণঅভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে; রাজপথে রক্ত দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ধানের শীষে ভোট চান তিনি।

তিনি বলেন, আমরা পরিবেশের জন্য বৃক্ষরোপণ করব, খাল খনন করব এবং প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাব। এগুলো নিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে।

এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।