হাসপাতালে ভর্তি সেলিমা রহমানকে দেখতে গেলেন ডা: রফিক

রোববার হাসপাতালে গিয়ে ডা: রফিকুল ইসলাম সেলিমা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাথে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সেলিমা রহমান
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সেলিমা রহমান |ছবি : নয়া দিগন্ত

হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমানকে দেখতে গেছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম।

সেলিমা রহমান গত কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরে তার পায়ে তীব্র ব্যাথা অনুভূত হলে পরীক্ষানীরিক্ষার পর তার পায়ের শিরায় রক্তনালী জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বসিস (ডিভিটি) রোগ ধরা পড়ে। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

সেখানে প্রথমে তার শারীরিক অবস্থার অবনতি হলেও পরবর্তীকালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয় এবং বর্তমানে একই অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

রোববার হাসপাতালে গিয়ে ডা: রফিকুল ইসলাম সেলিমা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাথে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

তার পরিবার সেলিমা রহমানের আশু আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।