জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে জাতীয় ঐকমত্য কমিশনের নেতারা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন।
রাত ৮টার দিকে কমিশনের প্রতিনিধিদল বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে বিএনপি নেত্রীর সাথে প্রায় আধাঘণ্টা সময় অতিবাহিত করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
সাক্ষাৎকালে জাতীয় জুলাই সনদ-২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার চৌধুরী।
সূত্র জানায়, বেগম খালেদা জিয়া কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দেশব্যাপী গণতান্ত্রিক ঐক্যের আহ্বান জানিয়েছেন।
এর আগে, ঠাকুরগাঁয়ের একটি সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির কথাগুলো লিপিবদ্ধ করা হলে বিএনপি অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করবে।’



