মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ।
আজ বুধবার বেলা ১১টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৮তম দিনের অধিবেশন শুরু হয়। শুরুতে সঞ্চালক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে কথা বলার অনুরোধ করেন। এসময় বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেটার প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলা করা হয়েছে জানিয়ে প্রিন্স বলেন, এ ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না। এ জন্য ১০ মিনিটের জন্য থাকতে চাই না।
পরে তাকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
দল তিনটির ওয়াকআউটের পরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, তিনটি দল প্রতীক প্রতিবাদ হিসেবে যা জানিয়েছেন, সেটা নাগরিক হিসেবে, রাজনৈতিক দলের অধিকারের চর্চাকে স্বাগত জানাই।
পরে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তারা আবারো সংলাপে যোগ দেন বলে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ উল্লেখ করেন।



