মাওলানা আব্দুল হালিম

নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে

মাওলানা আব্দুল হালিম বলেছেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রশাসনে দলীয়করণ বন্ধ করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং নভেম্বরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় ঐক্য জোট আয়োজিত সমাবেশ
জাতীয় ঐক্য জোট আয়োজিত সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনালের মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়।’

তিনি বলেছেন, ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, নির্বাচন এবং কল্যাণ রাষ্ট্র গঠন জাতীয় জীবনে এখন মূখ্য দাবি।’

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র’ গঠনের দাবিতে জাতীয় ঐক্য জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কল্যাণ রাষ্ট্র হচ্ছে ওই রাষ্ট্র যেই রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকার রাষ্ট্রকর্তৃক নিশ্চিত করা হয়।’

অনতিবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই জাতীয় সনদ হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার। এ সনদ বাস্তবায়নে গড়িমসি না করে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।’

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ সুযোগ দিলে জামায়াতে ইসলামী জাতিকে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দেবে। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত রাষ্ট্র বিনির্মাণের জন্য দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নেতৃত্বের প্রয়োজন। দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাস-চাঁদাবাজদের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না।’

নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ‘প্রশাসনে দলীয়করণ বন্ধ না হলে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাবে না। ফলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশও তৈরি হয়নি। এ পরিস্থিতিতে অংশগ্রহণমূলক নির্বাচনও সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির সামনে বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন।’

ড. হেলাল উদ্দিন বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনে দলীয়করণ বন্ধ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তবে তার আগে নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করতে হবে। জুলাই সনদে স্বাক্ষর হলেও এখনো সরকার সনদ বাস্তবায়নের উপায় স্পষ্ট করেনি এবং আদেশ জারি করতে পারেনি।’

জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী মাওলানা আলতাফ হোসাইন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় ঐক্য জোটের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী প্যানেল সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবি পরিষদের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা।
প্রেস বিজ্ঞপ্তি