ঢাবি ছাত্রীর মাকে হত্যা: দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবিরের

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খান ও সেক্রেটারি কাজী আশিক বলেন, গত মঙ্গলবার (২০ মে) গভীর রাতে বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় সংঘটিত এ হত্যাকাণ্ড দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির আরেকটি নির্মম উদাহরণ।

নয়া দিগন্ত অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী প্রার্থনা মজুমদারের মা রীতা রানী মজুমদারকে নিজ বাসভবনে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খান ও সেক্রেটারি কাজী আশিক বলেন, গত মঙ্গলবার (২০ মে) গভীর রাতে বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় সংঘটিত এ হত্যাকাণ্ড দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির আরেকটি নির্মম উদাহরণ।

তারা বলেন, মানুষের নিজ বাসভবনেও নিরাপত্তা না থাকা রাষ্ট্র ও সরকারের ব্যর্থতাকেই সামনে নিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে শিশু রামিসাসহ একের পর এক হত্যা, ধর্ষণ, ছিনতাই ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা বেড়েছে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, এসব ঘটনায় কার্যকর প্রতিরোধ, দ্রুত বিচার ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

বিবৃতিতে বলা হয়, শাহবাগ থানায় ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণে পুলিশের গড়িমসি এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকা রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে পুরোনো দমনমূলক সংস্কৃতির বহিঃপ্রকাশ। রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি নতুন করে সন্ত্রাস ও দখলদারিত্বের পরিবেশ তৈরি করছে বলেও মন্তব্য করেন তারা।

ছাত্রশিবির নেতারা বলেন, বিচারহীনতা, প্রশাসনিক দুর্বলতা ও দলীয় প্রভাবের কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব হলেও বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে।

তারা অবিলম্বে রীতা রানী মজুমদার হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শিশু রামিসাসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে নিহত রীতা রানী মজুমদার ও শিশু রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।