চলমান জ্বালানি সঙ্কট বৈশ্বিক বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এ সঙ্কটের জন্য বিএনপির কোনো ব্যর্থতা নেই।
তিনি বলেন, ‘যুদ্ধের কারণে তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারছে না, তাই জ্বালানির সঙ্কট। তবে এটা কৃত্রিম সঙ্কট, এটা নিরসন করা কঠিন নয়, এই ক্ষেত্রে দাম বাড়ানো ন্যাচারাল। এই সঙ্কট বিএনপির কারণে নয়, আন্তর্জাতিক কারণে হয়েছে।’
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারুশিল্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘এটা প্রাকৃতিকভাবে কোনো ডিজেস্টার নয়, তাই এই সঙ্কটকে উতরে যেতে হবে। এটাকে মোকাবেলা করতে হবে।’
সরকারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘সঙ্কট নেই, এটা বলে সঙ্কটকে আড়াল করা যাবে না। বরং আপনারা যে সঙ্কটকে মোকাবেলা করছেন, এটা জনগণকে জানাতে হবে।’
এ সময় তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আমলে রাষ্ট্রীয় পদক নিয়ে নিম্নমানের রাজনীতিকরণ হয়েছে। পুরস্কার প্রদানে কোনো মান রক্ষা হয়নি। আমাদের জাতীয় কাজী নজরুল ইসলামকে আওয়ামী লীগ আমলে যথাযথভাবে স্বীকৃতি দেয়া হয়নি অভিযোগ করেন রিজভী।



