মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

শফিকুর রহমান মোটরসাইকেল মালিকদের ওপর নতুন কর আরোপের পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জীবিকা ও প্রয়োজনের তাগিদে মোটরসাইকেল ব্যবহার করা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত কর চাপানো জনস্বার্থবিরোধী হবে।

নিজস্ব প্রতিবেদক
ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান |ফাইল ছবি

মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের চিন্তাভাবনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ডা: শফিকুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।

তিনি বলেন, করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।

ডা. শফিকুর রহমান আরো বলেন, আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।