বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নামে পরিচালিত ভুয়া ফেসবুক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে দলটির মহিলা বিভাগ। একইসাথে এসব পেজের প্রচারণায় বিভ্রান্ত না হতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া বিভাগের নাজমুন নাহার নীলু এমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ আগস্ট ‘মহিলা জামাত প্রচার বিভাগ’ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নামে একটি ভুয়া ফটোকার্ড শেয়ার করা হয়েছে। ওই ফটোকার্ডে দাবি করা হয়, ‘নির্বাচনী খরচ বাঁচাতে ঠাকুরগাঁও-১ আসনে কোনো উপনির্বাচন হবে না। ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতের প্রার্থীই ওই আসনের এমপি হিসেবে গণ্য হবেন।’
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে মহিলা বিভাগের নামে অসংখ্য ভুয়া পেজ খুলে জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এসব পেজ বা প্রচারণার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মকাণ্ডকে বিতর্কিত করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন, তাদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানানো হচ্ছে। একইসাথে অপতথ্যে বিভ্রান্ত না হতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মহিলা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় ও শাখাগুলোর অফিসিয়াল পেজ থেকেই তাদের সব ধরনের প্রচারণা পরিচালিত হয়। এসব অফিসিয়াল পেজের বাইরে অন্য কোনো পেজ বা আইডি থেকে প্রকাশিত পোস্ট কিংবা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।



