প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : গয়েশ্বর

প্রতিবন্ধী শিশুরা জন্মগত বা প্রাকৃতিক কারণে শারীরিকভাবে সীমাবদ্ধতার শিকার। কিন্তু তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত চিকিৎসা সেবার মাধ্যমে সমাজের মূলধারায় নিয়ে আসার সক্ষমতা অর্জন করাতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায়
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায় |বাসস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নিঃশর্ত ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন পরিকল্পনা জোরদার করেছেন। তার সুযোগ্য নেতৃত্বে সমাজে সুস্থ, সুন্দর ও প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার।

আজ শনিবার কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ মডেল টাউনে ‘কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, প্রতিবন্ধী শিশুরা জন্মগত বা প্রাকৃতিক কারণে শারীরিকভাবে সীমাবদ্ধতার শিকার। কিন্তু তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত চিকিৎসা সেবার মাধ্যমে সমাজের মূলধারায় নিয়ে আসার সক্ষমতা অর্জন করাতে হবে।

ব্যবসায়ী ও সামর্থ্যবানদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সামাজিক দায়িত্ববোধ থেকে এই মহৎ কাজে সহায়তা করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।’

এ বিষয়ে সংবাদমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সবসময় নীতি অক্ষুণ্ণ রেখে ইতিবাচক সংবাদ পরিবেশন করা উচিত। চমক সৃষ্টি বা অহেতুক বিতর্কের চেয়ে সমাজের ভালো দিকগুলো তুলে ধরলে অন্যরা কল্যাণমূলক কাজে উৎসাহিত হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন মাস্টার, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো: আহসান উল্লাহ চৌধুরী, কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ডা. মো: জাকির হোসেনসহ প্রমুখ।

সূত্র : বাসস