বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করলে বিএনপির প্রথম কাজ হবে ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। একইসাথে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি।
তিনি বলেন, দুর্নীতির লাগাম টানতে না পারলে কোনো পরিকল্পনা কাজ করবে না। জনগণের ভাগ্য পরিবর্তন হবে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১৬ আসনের পল্লবীতে এক পথসভায় এসব কথা বলেন তারেক রহমান।
দেশে কর্মসংস্থানের অভাব রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক জেলায় ও ঢাকা শহরে একাধিকার ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করবো, ট্রেনিং সেন্টার তৈরি করবো। যাতে করে বেকার তরুণরা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে।’
তিনি বলেন, ‘আইটিতে যারা কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন- তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।’
তিনি আরো বলেন, ‘দেশের অনেক মানুষ বিদেশে কাজ করছে। বিদেশে যাওয়ার সময় অনেককে জমি-জমা বিক্রি করে যেতে হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা বিদেশে যেতে চান তাদের জন্য সহজ শর্তে ঋণ দেব। যাতে তাদের জায়গা-জমি বিক্রি করতে না হয়।’
এ সময় ঢাকা-১৬ আসনের মানুষদের চিকিৎসা জন্য একটি হাসপাতাল করার ঘোষণা দেন তারেক রহমান।
সরকার গঠন করতে পারলে পানি সমস্যা দূর করতে সমগ্র বাংলাদেশে খাল-খনন করা হবে। ঢাকা শহরের জলবদ্ধতা দূরীকরণে সবার আগে ঢাকার খাল খনন কর্মসূচি চালু করা হবে বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘দুটি কাজকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এ দুটি কাজ হচ্ছে- জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার গঠন করলে বিএনপির কাজ হবে ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক করা। একইসাথে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি। দুর্নীতির লাগাম টানতে না পারলে কোনো পরিকল্পনা কাজ করবে না। জনগণের ভাগ্য পরিবর্তন হবে না।’



