নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ও জুলাই যুদ্ধাহত এস এম মোস্তাফিজুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তায়ালার সাহায্যে। আমাদের কিছুই করার ক্ষমতা নেই; যদি আল্লাহ তায়ালা আমাদের উত্তম সাহায্যকারী না হন। আল্লাহ যথেষ্ট আমাদের জন্য সাহায্যকারী হিসেবে। আল্লাহই যথেষ্ঠ আমাদের জন্য অভিভাবক হিসেবে। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সাহায্যকারী হয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অভিভাবক হয়েছিলেন। তাই এই ২৪ এর জুলাই আন্দোলনে সফল হয়েছি। আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া।
আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাইয়ে যেদিন ইন্টারনেট শাটডাউন করে দেয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা জায়গায় গণহত্যা চালানো হয়েছিল। প্রতিটি জায়গায় বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে। আমি আরো স্মরণ করছি, সেই ফ্যাসিবাদীদের যারা স্বৈরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল, তারা শিল্পপতি ছিল, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ এবং শেখ হাসিনাকে তারা শক্তি যুগিয়েছিল। বলেছিল, এই আন্দোলন দমাতে আমরা আপনার পক্ষে আছি। কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করতে পারেনি। কারণ জালিমরা কখনো সফল হয় না।
তিনি বলেন, ফ্যাসিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বজিতকে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল। শিবির করা কোনো অপরাধ না। কোনো রাজনৈতিক দলের সমর্থন দেয়া কোনো অপরাধ না। শিবির ট্যাগ দিয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ন, খুন চালিয়েছে প্রতিটা বছর।



