বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শোষণমুক্ত, নিরাপদ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে।
তিনি জানান, জামায়াত ইসলামী চার দফা কর্মসূচির ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে, যার অন্যতম দফা হলো সমাজ সংস্কার ও সমাজসেবা। মানুষের প্রয়োজনে দলটি ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করছে, যা দলমত, ধর্ম-বর্ণ ও জাতি-গোষ্ঠী নির্বিশেষে পরিচালিত হয়।
শনিবার (১৬ মে) সকালে শ্যামপুর দক্ষিণ থানার উদ্যোগে অস্বচ্ছল ও দরিদ্রদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান গাড়ি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি আরো বলেন, ইসলামী সমাজ ব্যবস্থায় ধর্মের ভিত্তিতে নাগরিকদের বিভাজনের সুযোগ নেই। ইসলাম শান্তির বার্তা বহন করে, আর ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিটি মানুষ সমান সুযোগ-সুবিধা পাওয়ার নিশ্চয়তা পায়।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষ প্রকৃত স্বাধীনতা খুঁজছে। এর অন্যতম কারণ মানুষের তৈরি মতবাদ, যা কখনোই সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আল্লাহর বিধান অনুযায়ী সমাজ পরিচালিত হলে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।
ঢাকা-৪ এলাকার জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদককারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এলাকার উন্নয়নে প্রতিটি বাসিন্দার দায়িত্ব রয়েছে। তিনি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শ্যামপুর দক্ষিণ থানা আমির মো: কামরুল আহসান, সেক্রেটারি ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে যাত্রাবাড়ী দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি সুন্নতে খৎনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির মো: নওশেদ আলম ফারুক এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি মতিউর রহমান খান চপল। এ সময় স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি



