প্রতিটি ওয়ার্ডে হেলথ কমপ্লেক্স চালুর প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী ড. হেলাল উদ্দিনের

একটি রাজনৈতিক দলের দায়িত্ব কেবল ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণে কাজ করা নয়, বরং মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকা। জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় না থেকেও দুর্দিনে জনগণের পাশে দাঁড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন
অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এবং ঢাকা-৮ আসনে দলীয় এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘অতীতে যারা রাষ্ট্র পরিচালনায় ছিলেন, তাদের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে দেশের স্বাস্থ্যখাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রতিটি ওয়ার্ডে একটি করে হেলথ কমপ্লেক্স চালু করা হবে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হবে।’

আজ শুক্রবার রাজধানীর কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতিঝিল পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, ‘একটি রাজনৈতিক দলের দায়িত্ব কেবল ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণে কাজ করা নয়, বরং মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকা। জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় না থেকেও দুর্দিনে জনগণের পাশে দাঁড়িয়েছে। দলটি চার দফা ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে, যার অন্যতম স্তম্ভ সমাজ সংস্কার ও সমাজসেবা। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষের জন্য সেবা নিশ্চিত করাই ইসলামের শিক্ষা।’

তিনি আরো বলেন, ‘ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এসব অনিয়ম চিরতরে বন্ধ করা হবে। দলটির নেতৃত্বে দুর্নীতিগ্রস্ত কেউ নেই। সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি শহীদ আলী আহসান মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতির অভিযোগ ওঠেনি।’

তিনি বলেন, ‘শিল্পমন্ত্রী হিসেবে শহীদ নিজামী বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে সেগুলো আবার লোকসানে পড়ে বন্ধ হয়ে যায়। ভবিষ্যতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বন্ধ কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করে দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো হবে।’

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী মো: জসিমুল হক পাটোয়ারী, মতিঝিল পূর্ব থানা আমির নুর উদ্দিনসহ স্থানীয় জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি