‘৩৬ জুলাই’-পরবর্তী নতুন বাংলাদেশ শাপলার চেতনার কাছে ঋণী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, ‘বাংলাদেশের অন্তত অর্ধশতাব্দীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গণজাগরণ ছিল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা।’ রাসূলুল্লাহ সা:-এর ভালোবাসার চেতনাকে ভিত্তি করে এ জাগরণ হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক ইসলামী বইমেলায় শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে ‘শাপলা কর্নার’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘শাপলার ঘটনাকে কেন্দ্র করে দেশে দুটি ধারা স্পষ্ট হয়েছে—একটি নবীপ্রেম, ঈমান ও বিশ্বাসের ধারা এবং অপরটি নাস্তিক্যবাদ ও ইসলামবিদ্বেষের ধারা। ঈমান, বিশ্বাস ও রাসূলপ্রেমের ধারাকে নাস্তিক্যবাদ ও ইসলামবিদ্বেষের কাছে নতজানু হতে দেয়া যাবে না।’
আল্লামা মামুনুল হক বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল একটি সাংস্কৃতিক আন্দোলন, যা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়ের পথ তৈরি করেছিল। একইভাবে ২০১৩ সালের শাপলার শাহাদতের চেতনা একটি সাংস্কৃতিক বুনিয়াদ তৈরি করেছে।’
২০২৪ সালের গণঅভ্যুত্থানও শাপলার সেই চেতনার ওপর প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করতে হলে শাপলার চেতনাকে ধারণ এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।’
শাপলা স্মৃতি সংসদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৩ সালের শাপলা শহীদদের প্রামাণ্য তালিকা ও স্মারকগ্রন্থ ‘শহীদনামা’ প্রকাশ করা হয়েছে। তবে এটিকে চূড়ান্ত তালিকা হিসেবে ঘোষণা করা হয়নি। ভবিষ্যতে কোনো শহীদের তথ্য প্রামাণ্যভাবে পাওয়া গেলে তা ‘শহীদনামা’র পরবর্তী সংস্করণে সংযোজন করা হবে।
তিনি বলেন, শাপলা স্মৃতি সংসদ শহীদ পরিবারগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলেছে। পাশাপাশি শাপলার চেতনাকে রাজনৈতিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাংস্কৃতিক ভিত্তি শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শাপলাকে কেন্দ্র করে প্রতিযোগিতামূলক আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে জেলা ও উপজেলায় শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।’
মামুনুল হক আরো বলেন, “শাপলা গণহত্যার তথ্যচিত্র ও প্রামাণ্য উপস্থাপনা মানুষের কাছে পৌঁছে দেয়া হবে। তরুণ প্রজন্মের লেখক, সাহিত্যিক ও কবিদের শাপলাকেন্দ্রিক বই ও প্রকাশনা পাঠকদের সামনে তুলে ধরতেই ‘শাপলা কর্নার’ স্থাপন করা হয়েছে। মাসব্যাপী বইমেলায় এর কার্যক্রম অব্যাহত থাকবে।”
শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফত হুসাইন, নির্বাহী সভাপতি ও বিকেএম সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সল আহমাদ, সহ-সভাপতি মুফতি ইলিয়াস হামিদী, মাওলানা শরীফ হুসাইন, মাওলানা সানাউল্লাহ খান, টিডিএফ মহাপরিচালক মাওলানা মাসরুরুল হক, বিকেএম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, শাপলা স্মৃতি সংসদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, গবেষণা সম্পাদক মাওলানা আদনান মাসউদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আল আবিদ শাকের ও মোল্লা খালিদ সাইফুল্লাহ প্রমুখ।



