বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি।’
পোস্টের শেষে তিনি লেখেন, ‘আপনাদের বিশ্বস্ত—মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেন মির্জা ফখরুল। বক্তব্যের সময় তিনি কয়েকবার আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। এ সময় নেতাকর্মীদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেয়ার আহ্বান জানান।
সভায় অংশ নেয়া একাধিক সংসদ সদস্য জানান, বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। এ সময় তিনি মরহুম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথা স্মরণ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



