জুলাই আন্দোলনে আহত চিকিৎসাধীন যোদ্ধা ও সাধারণ রোগীদের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রদল। শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিষয় নয়। এ আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ডা. আউয়াল অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল গণঅভ্যুত্থানকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি বলেন, আন্দোলনের কঠিন সময়ে সাধারণ শিক্ষার্থীদের রাজপথে সংগঠিত করতে ছাত্রদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আন্দোলনে আহতদের পুনর্বাসনে সরকারের ক্যাটাগরিভিত্তিক আর্থিক সহায়তার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, আহতদের পাশে শুধু সরকার নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকেও এগিয়ে আসতে হবে। একই সঙ্গে ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের গণআন্দোলনের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
আগামীকাল ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরের প্রসঙ্গ উল্লেখ করে ডা. আউয়াল আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে দেশের চিকিৎসাসেবায় নতুন দিগন্তের সূচনা হবে এবং কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ বিন মিজান, ডা. নিশাত সুলতানা, ডা. রাকিবুল ইসলাম শিমুল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি ডা. সাব্বির শরীফ, পপুলার মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. ফাইরুজ ফান্নানা, সাধারণ সম্পাদক ডা. কামরুল হাসান মুন্না, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, রিপন পাশা, ন্যাবের যুগ্ম সম্পাদক সাব্বির মাহমুদ তিহান, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদল নেতা জাহিদ রিফাতসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



