নুসরাত ফারিয়াকে গ্রেফতার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।
সোমবার (১৯ মে) নিজের ভ্যারিফায়েড ফেসবুকের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
মূল কাজ না করে অন্য কাজে ইন্টেরিমের ব্যস্ততা নির্দেশ করে হাসনাত বলেন, ‘সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।’
৬২৬ জনের লিস্ট কোথায়, জানতে চেয়ে হাসনাত বলেন, ‘ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানাধীন এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয় শিল্পী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকে আসামি করা হয়। এই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।



