ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার বিকেলে মগবাজারে এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে সকালে ভোটারদের নির্ভয়ে ও সতর্কভাবে ভোট দিতে আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জামায়াত আমির দেশবাসীর উদ্দেশে বলেন, এক নতুন ভোরের, নতুন বাংলাদেশের প্রতীক্ষায় একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সঙ্গে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমার প্রিয় দেশবাসী, ভয়হীনভাবে ভোট দিন সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।



