ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূলের লড়াইয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ‘৫ আগস্ট জাতি আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে। এবার সন্ত্রাসবাদ নির্মূল করে নতুন বাংলাদেশকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে হবে।’
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে জামায়াতের যাত্রাবাড়ী জোনের উদ্যোগে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, ইভটিজিংমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনগণকে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় সমর্থন দিতে আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, ‘জাতি এবার ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃত্বে দেশবরেণ্য আলেমদের হাতে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব দিতে চায়।’
তিনি বলেন, ‘জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না, গণমানুষের কল্যাণের রাজনীতি করে। যারা প্রতিহিংসার রাজনীতি করে, তারাই প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণায় হামলা চালায়, বাধা সৃষ্টি করে।’
পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর প্রচারণায় গুলি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় জামায়াতের প্রার্থীর প্রচারণায় প্রতিপক্ষ গুলি চালাচ্ছে।’
পুলিশের উপস্থিতিতে হামলা-ভাঙচুর ও গুলি করার পরও এখন পর্যন্ত সন্ত্রাসীদের আটক না করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘জামায়াত বারবার দাবি জানিয়েছে, প্রশাসনকে দলীয়মুক্ত করতে হবে। প্রশাসনে দলীয়করণের ফলে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না।’
উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, ‘অতীতে যারা এবং যাদের দল ক্ষমতায় ছিল তারা এবার ভোট চাইতে গেলে আগে জিজ্ঞেস করবেন ক্ষমতায় থাকাকালীন আমাদের জন্য, দেশের জন্য কি করেছেন? জামায়াত কখনো ক্ষমতায় বসেনি। কিন্তু জনগণের যেকোনো প্রয়োজনে সবার আগে, সবখানে জামায়াত ছিল, আছে এবং থাকবে।’
বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে নিজের মৌলিক অধিকার বুঝে নিতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে তিনি স্থানীদের আহ্বান জানান।
‘নিরাপদ ও বাসযোগ্য মানবিক’ ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে কামাল হোসেন বলেন, ‘সারাদেশের ন্যায় ঢাকা-৫ আসনকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে জামায়াত। আগামীতে জনগণ আমাকে নির্বাচিত করলে এই আসনকে সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকা হিসেবে জনগণকে উপহার দেয়া হবে। জনভোগান্তি দূরীকরণে নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদুৎ ও পানি সরবরাহের পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি শিশুদের মেধা বিকাশে খেলাধুলা ও সুস্থ বিনোদনের আয়োজন করা হবে। মাদকমুক্ত করতে যুব সমাজের জন্য খেলাধুলা ও শরীর চর্চার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হবে।‘
‘আমার ঢাকা, আমাদের ঢাকা; গড়ব মোরা একসাথে’ স্লোগানে ঢাকা-৫ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের জামায়াত নেতৃত্বে এগিয়ে আসতে আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর উপহার দেয়াই জামায়াতের অঙ্গীকার।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে এবং যাত্রাবাড়ী পূর্ব থানার আমির ও আসন পরিচালনা কমিটির সদস্য সচিব মো: শাহজাহান খানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় এলাকার সকল সাংগঠনিক থানার আমির-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ‘চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, ইভটিজিংমুক্ত’ নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক থেকে এক পথযাত্রা শুরু হয়ে দয়াগঞ্জ, সায়েদাবাদ জনপদ মোড় ঘুরে ধলপুর এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।



