গয়েশ্বর চন্দ্র

সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই

‘নির্বাচন করতে হবে, নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নামি।‘

অনলাইন প্রতিবেদক
বক্তব্য দিচ্ছেন গয়েশ্বর চন্দ্র রায়
বক্তব্য দিচ্ছেন গয়েশ্বর চন্দ্র রায় |নয়া দিগন্ত

‘সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার বিকালে ঢাকার কেরানীগঞ্জের দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘নির্বাচন করতে হবে, নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নামি। যারা বলে ১৬ বছর আমরা কিছু করতে পারি নাই। তাদের বলব, আমরা এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি, আমরা দেখাবো না।’

‘একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করছে সে তার ওয়াদা পূরণ করবে, যথাসময়ে নির্বাচন দেবে এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি।’

জামায়াতে ইসলামীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করছে জামায়াত। ওখানে আর কারো কোনো ঠাঁই নাই, কোনো ঠাঁই নাই। মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল-টালাল। যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল।’

মাদক ও অস্ত্রমুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে ‘উন্নয়নের একটি বৃহৎ পরিকল্পনা’ প্রণয়ণ করার কথাও জানান গয়েশ্বর।

কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ের নির্বাচন’ এর দাবিতে এই সমাবেশ হয়। কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশ অংশ নেয়।