বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা। তিনি বিএনপির মনোবল ও সাহস। বেগম খালেদা জিয়া আমাদের পাশে আছেন, এটা আমাদের শক্তি। সে শক্তি ও মনোবল নিয়ে মাঠে কাজ করছি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। দেশে কেউ বেকার থাকবে না।
তিনি বলেন, নতুন নতুন কর্মসংস্থান ও বিদেশে শ্রম বাজার সৃষ্টি করা হবে। আমাদের দেশ মাথা উচুঁ করে বিশ্বের দরবারে দাঁড়াবে।
বিএনপি’র যুগ্ম-মহাসচিব আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খনন করার মধ্যে দিয়ে এ দেশের গণমানুষের নেতা হয়েছেন, গ্রামের নেতা হয়েছেন। এই কারণে বিএনপিকে গণমানুষের দল বলা হয়।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাড়ে তিন বছর ক্ষমতাকালীন মধ্যপ্রাচ্যে শ্রম বাজার সৃষ্টি করা হয়। এরপর সেটাতে আবারো হাহাকারে পড়ে যায়। পরে, বেগম খালেদা জিয়া সেখানে আবারো শ্রম বাজার সৃষ্টি করেন। এর ফলে মজবুত হয় দেশের অর্থনীতি।
এ্যানি বলেন, আজকের বেগম জিয়া একদিনে আপসহীন নেত্রী হননি, একদিনে তিনি দেশনেত্রী হননি। এর পিছনে অনেক ত্যাগ রয়েছে। এই অবস্থানে আসতে তাকে অনেক নির্যাতন, হামলা ও মামলা সহ্য করতে হয়েছে, তাকে কারাবরণও করতে হয়েছে।
তিনি বলেন, বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, সেটাই এখন সবার প্রত্যশা।
বিএনপি নেতা বলেন, খালেদা জিয়া বেঁচে থাকা মানে, বাংলাদেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী থাকা ও গণতন্ত্র শক্তিশালী হওয়া।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মা-বোনদের কাছে যেতে হবে, তাদের বুঝাতে হবে। বর্তমান প্রজম্মের নারীরা দেশের নেতৃত্ব দিচ্ছেন। দেশ বদলে গেছে, এখন আর দেশ আগের জায়গায় নেই।
তিনি বলেন, বাসায় বসে আয় করার সুযোগ রয়েছে। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে, নারীদের অধিকার নিশ্চিত করা হবে।
এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর বিএনপি’র সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা আরিফুর রহমান ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া।
জেলার বিভিন্ন স্থান থেকে শতশত নারী এই উঠান বৈঠকে অংশ নেন।



