হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া আগুনের ঘটনা তদন্তে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ শনিবার দুপুর পৌনে ১২টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এই আগুনের পেছনে কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নেয়া হবে। তারা তদন্ত করে কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট মাত্র চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার ব্রিগেডের ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে উপস্থিত হয়ে কাজ শুরু করে।
তিনি বলেন, ‘আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ ছিল খাদ্যপণ্যের উপস্থিতি, কেমিক্যাল নয়।’
বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। যেমন আমরা বাসায় যে পোশাক পরি, তা পরে আত্মীয়ের বাড়িতেও যাওয়া যায়।’
তিনি আরো জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশ্বাস দেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



