পাকিস্তান-ভারতকে যুদ্ধ বন্ধের আহ্বান খেলাফত মজলিসের

এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ আহ্বান জানান।

নয়া দিগন্ত অনলাইন
খেলাফত মজলিস
খেলাফত মজলিস |সংগৃহীত

পাকিস্তানের আজাদ কাশ্মির ও পাঞ্জাবে মসজিদ লক্ষ্য করে ভারতের বিমান হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার (৭ মে) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ আহ্বান জানান।

দু’ নেতা বলেন, ‘ভারতের মোদী সরকার কাশ্মিরের পেহেলগামে নিরীহ পর্যটকদের নিরাপত্তা বিধানে ব্যর্থতার দায় এড়ানোর জন্যে পাকিস্তানে হামলা করেছে। আধিপত্যবাদী ভারত কাশ্মিরি জনগণের ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে দীর্ঘকাল ধরে। মোদি সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মিরিদের অধিকার খর্ব করেছে। অত্যন্ত নিন্দনীয় পেহেলগাম হত্যাকাণ্ডে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি অপ্রমাণিত। এর মধ্যে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানের বিরুদ্ধে ‘পানি আস্ত্র’ ব্যবহার করেছে। মসজিদকে টার্গেট করে হামলা চালানো হয়েছে।’

দু’ নেতা আরো বলেন, ‘পাকিস্তানের আজাদ কাশ্মির ও পাঞ্জাবে ভারতীয় বিমান, নৌ ও স্থল বাহিনীর সর্বাত্মক হামলা দু’টি পারমানবিক শক্তিধর দেশকে একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকির মধ্যে ফেলেছে। এ যুদ্ধ শুধু দক্ষিণ এশিয়ায় নয় সারা বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলবে। তাই ভারত-পাকিস্তান যুদ্ধ যাতে সর্বাত্মক যুদ্ধে রূপ না নেয় সে জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে এ যুদ্ধ বন্ধ করা প্রয়োজন।’ বিজ্ঞপ্তি