শাহ আলীর মাজারে হামলার সুষ্ঠু তদন্ত দাবি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

মোহাম্মদ সেলিম উদ্দিন পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত তদন্ত করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

নয়া দিগন্ত অনলাইন

মিরপুরের ঐতিহাসিক শাহ আলী মাজারে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ১৪ মে দিবাগত রাতে মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত নারী-পুরুষ নির্বিশেষে দর্শনার্থীদের ওপর হামলা ও লুটপাট চালিয়েছে, যা “সভ্যতার বিরুদ্ধে আঘাত”। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত তদন্ত করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

তিনি দাবি করেন, শাহ আলী মাজারে হামলার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। কোনো প্রমাণ ছাড়াই দলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তার ভাষ্য অনুযায়ী, “জামায়াতে ইসলামী সবসময় আইনের শাসনে বিশ্বাস করে। যেকোনো অন্যায়ের প্রতিকার আইনের মাধ্যমেই হওয়া উচিত।”

মিডিয়ার একাংশের সমালোচনা করে তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই জামায়াতকে দায়ী করে সংবাদ প্রকাশ করা “হলুদ সাংবাদিকতার উদাহরণ”।

তিনি আরো অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে, যা নিরপেক্ষ তদন্তের পরিপন্থী। প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত পরিচালনার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে মাজারকেন্দ্রিক সহিংসতার পেছনে 'ধর্মীয় উন্মাদনা' নয় — দখলদারিত্ব ও অর্থনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে। এ বিষয়ে প্রশাসন, গণমাধ্যম ও সুশীল সমাজকে প্রকৃত কারণ অনুসন্ধানের আহ্বান জানান তিনি।