দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরে তাকে পর্যবেক্ষণে রাখা হলে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর আবারো দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
মির্জা আব্বাস
মির্জা আব্বাস |ফাইল ছবি

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেয়ার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশেই জরুরি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরে তাকে পর্যবেক্ষণে রাখা হলে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর আবারো দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

এর আগে, জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার এভারকেয়ার হাসপাতালে এসে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাকে চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য অবহিত করেন।

মির্জা আব্বাসের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের অন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবারের সদস্যরা।