বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ছাত্র-জনতা রাজপথে নামলে বিএনপি গণভোটের রায় মানতে বাধ্য হবে। তিনি দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করার অর্থ জুলাই আন্দোলনের চেতনা ও জনগণের রায়কে উপেক্ষা করা।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন থানার উদ্যোগে আয়োজিত ‘রক্তাক্ত ৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের সময় বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা দেশে ছিলেন না। এ কারণে ছাত্র-জনতার আন্দোলনের চেতনা ও আকাঙ্ক্ষা তারা উপলব্ধি করতে পারেননি। জুলাই আন্দোলনের মূল দাবি ছিল রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার ও নির্বাচন। কিন্তু বিএনপি কেবল নির্বাচনকে অগ্রাধিকার দিয়েছে, রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচারের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলেও তিনি দাবি করেন।
গণহত্যার বিচার প্রসঙ্গে ড. হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগের শাসনামলে খুন, গুম, নির্যাতন, বিরোধী মত দমন, ব্যাংক খাত দখল, অর্থ পাচার, উন্নয়নের নামে দুর্নীতি এবং প্রশাসনের দলীয়করণসহ নানা অনিয়ম সংঘটিত হয়েছে। এসব ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি দল হিসেবেও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান। প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।
থানা কর্মপরিষদ সদস্য মো. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে থানা সহকারী সেক্রেটারি এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



