তারেক রহমানের প্রত্যাবর্তনকে কিভাবে দেখছে এনসিপি

বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এর মাধ্যমে তার ১৭ বছরের রাজনৈতিক প্রবাস জীবনের অবসান ঘটলো।

নয়া দিগন্ত অনলাইন
তারেক রহমান ও আখতার হোসেন
তারেক রহমান ও আখতার হোসেন |ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বিবিসি বাংলাকে বলেন, ‘দেশে নির্বাচনের তারিখ ঘোষণা হলেও যখন নির্বাচন হবে কি না- এ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ছিল, এমন প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো।’

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মনে করেন, ‘তারেক রহমান দলীয় রাজনীতির বাইরে জাতীয় রাজনীতিতে কী ভূমিকা রাখেন, সেদিকে সবার নজর থাকবে।’

তিনি বিবিসিকে বলেন, ‘তারেক রহমান নির্বাসনে থেকে তার দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। কিন্তু জাতীয় রাজনীতিতে তিনি কিভাবে ভূমিকা রাখেন, সেটি একটি বড় বিষয়।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এর মাধ্যমে তার ১৭ বছরের রাজনৈতিক প্রবাস জীবনের অবসান ঘটলো।