ঐকমত্য না হওয়া বিষয়গুলোও জনসম্মুখে প্রকাশ করা হবে : আলী রীয়াজ

সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, এটাই হচ্ছে বাস্তবতা।

নয়া দিগন্ত অনলাইন
আলী রীয়াজ
আলী রীয়াজ |ইন্টারনেট

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো জনগণকে জানানোর পাশাপাশি যেসব বিষয়ে সমঝোতা হয়নি, সেগুলোও স্বচ্ছতার স্বার্থে প্রকাশ করা হবে।

আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় ঐকমত্যের বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয়টি তুলে ধরে অধ্যাপক আলী রীয়াজ বলেন, দলগতভাবে কিছু গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে যেমন ঐকমত্য হয়েছে, কিছু মৌলিক বিষয়ে তা সম্ভব হয়নি। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে মতপার্থক্য থাকবে, সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, এটাই হচ্ছে বাস্তবতা।

তিনি বলেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদ তৈরিতে মৌলিক ও সংস্কার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা। যে সকল বিষয়ে ঐকমত্য তৈরি হবে না, সেগুলোর বিষয়ে আমরা জনগণকে শিগগিরই অবহিত করব। কারণ স্বচ্ছতা ও জনগণের পরবর্তী সময়ের রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের জন্য এটি করা খুবই জরুরি। সেই বিবেচনায় আমরা এখন অগ্রসর হচ্ছি।

গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হওয়ার পর ছয় মাস সময় নির্ধারণ করে দেয়া হয়।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, সেই ছয় মাসের প্রায় মাঝামাঝি সময়ে আমরা উপস্থিত। এই সময়ে আমরা বিভিন্নভাবেই প্রতিবেদনগুলো প্রকাশ করা ছাড়াও রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তার সারসংক্ষেপ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে যোগাযোগ করেছি। দলগুলো তাদের মতামত দিয়েছে। প্রাথমিক পর্যায়ে আমরা ৩৩টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি।

সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনায় গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা বার বার বলেছি যে জাতীয় ঐকমত্য গঠনে কেবল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা যথেষ্ট নয়, নাগরিক সমাজের মধ্যেও এ বিষয়ে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার। তাই নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ সংস্কার কর্মসূচি থেকে বাদ দেয়ার কোনো সুযোগ নেই।

অধ্যাপক আলী রীয়াজ আরো বলেন, আমরা একটা মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি। অমিত সম্ভাবনা তৈরি করেছি। কিন্তু যেকোনো সম্ভাবনা যেমন চ্যালেঞ্জ তৈরি করে, এই পরিবর্তনের চ্যালেঞ্জগুলোও অত্যন্ত কঠিন। কেননা আমাদের চেষ্টা হচ্ছে রাষ্ট্র কাঠামোর কিছু প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত পরিবর্তন। সেটা খুব সহজ হওয়ার কথা নয়।

সবাইকে এ ঐতিহাসিক সুযোগ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এই যে ৫৩ বছরের চেষ্টা এবং তার পাশাপাশি ১৬ বছরের যে সংগ্রাম, সর্বোপরি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রক্তপাত ও প্রাণনাশ হয়েছে, সেগুলোর প্রতি আমাদের দায় আছে। সেই দায় এবং দায়িত্বের জায়গা থেকেই আমরা আশা করি, সবাই তাদের নিজস্ব জায়গা থেকে এই কাঠামোগত পরিবর্তনগুলো যতটা অর্জন করা সম্ভব, সেজন্য সক্রিয় থাকবেন। আশা করি, আপনাদের মতামত আমাদের সহযোগিতা করবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ঐকমত্যের পাশাপশি সংস্কার প্রয়োজন। তবে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সংস্কার কর্মসূচির অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। আগেই বলেছি, আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা। আমরা চেষ্টা করব, যে জাতীয় সনদ তৈরি হচ্ছে, তার পাশাপাশি যে প্রতিবেদন আমরা তৈরি করতে চাই, সেখানে যেন এই মতামতগুলো প্রতিফলিত হয়।

মতবিনিময় সভায় অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, মো: আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।