ফ্যাসিবাদবিরোধী শক্তিকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির

দল ও মতের ভিন্নতা নিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান |সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ডা: শফিকুর রহমান বলেন, আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে। এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, তাই দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদেরকে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে। আমরা কারো পাতা ফাঁদে পা দেবো না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

ডা: শফিকুর রহমান আরো বলেন, ছাত্র, শ্রমিক ও আপমর জনতার ঐক্য অটুট থাকুক এবং সবাই মিলেই আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব। ইনশাআল্লাহ।