বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উচ্চশিক্ষিতদের দ্বারা দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি, হবেও না। দুর্নীতির শীর্ষে অবস্থানকারী যারা, তারা বেশিভাগই উচ্চশিক্ষিত, এমপি, মন্ত্রী, সচিব ও আমলা। তাই আমাদের ঘোষণা- আমরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেবো না।’
তিনি বলেন, ‘উন্নত নৈতিক চরিত্রের মানুষ তৈরি করাই হবে একটি সমৃদ্ধ জাতি গঠনের ভিত্তি, যা জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা।’ তিনি ক্ষুধা, দারিদ্রমুক্ত ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তে নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আয়োজনে একাদশ শ্রেণির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত “ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান–২৫”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। চলমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তাদেরকে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ জ্ঞান অর্জনের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে আত্মপ্রজ্ঞা ও মূল্যবোধ গড়ে তুলতে হবে।’
তিনি সতর্ক করে বলেন, ‘যদি বৈষয়িক শিক্ষার সাথে ধর্মীয় মূল্যবোধের সমন্বয় না ঘটে, তাহলে সেই শিক্ষা হবে অন্তঃসারশূন্য।’ তিনি আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে আত্মগঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম, লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি



