দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সংগঠনের গঠনতন্ত্রের ৩০ ধারা মোতাবেক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ কর্তৃক সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ তার ওপর অর্পিত যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
একইসাথে জানানো যাচ্ছে যে, মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো পর্যায়ের নেতা-কর্মীকে নির্বাচন সংক্রান্ত কিংবা সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হলো।
সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’
উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ আসনে বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিসের স্বীকৃত কোনো প্রার্থী নেই। ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’র পারস্পরিক সমঝোতা অনুযায়ী এ আসনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য নির্ধারিত।



