জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয়া ‘জুলাই যোদ্ধা’দের দুই গ্রুপে সংঘর্ষের পর সরিয়ে দিয়েছে পুলিশ। একইসাথে তাদের মঞ্চটিও অপসারণ করা হয়।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সড়ক খালি হওয়ার পর যান চলাচল শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ রেখে বিক্ষোভ শুরু করেন ‘জুলাই যোদ্ধারা’। তখন থেকেই শাহবাগ হয়ে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত পেরিয়ে শুক্রবার সকালেও সড়কের মাঝে ত্রিপল বিছিয়ে অবস্থান করেন তারা। আর অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন। সড়কের চারদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখেন।
শুক্রবার বিকেলে ‘জুলাই যোদ্ধাদের’ আরেকটি পক্ষ অবরোধের বিরোধিতা করলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে সংঘাত নিয়ন্ত্রণে পুলিশ উভয়পক্ষকে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়।
অবরোধের বিরোধিতাকারী ‘জুলাই যোদ্ধারা’ সাংবাদিকদের বলেন, ‘প্রকৃত জুলাই যোদ্ধারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেন না। কিন্তু জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু মানুষ শাহবাগ মোড় অবরোধ করে সাধারণ মানুষদের হেনস্থা করছেন। আমরা এর প্রতিবাদ জানাই।’



