জুলাই আন্দোলনে ভূমিকা রাখা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা চালিয়েছে ইতালিতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা হামলা করেছে এবং উল্লাস করছে, তারা জংলি, বর্বর বলেই নারীদের উপর আক্রমণ চালায়, তারা তো কাপুরুষ। এই যারা কাপুরুষের দায়িত্ব পালন করছে, যে নারী জুলাই গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখেছে, তার উপরে আঘাত করা- এটা সবচেয়ে বড় ঘৃণ্য, নিকৃষ্টতম কাজ।
বুধবার সকালে জাতীয়াবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ থেকে ৪৮ বছর আগে জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। তিনি যে নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করতেন, নারীদের রাজনীতিতে অংশগ্রহণ, নারীরা সমাজ এবং প্রতিটি ক্ষেত্রে তাদের যে অংশগ্রহণের সক্ষমতা আছে- সেইটাকে সামনে রেখেই জাতীয়তাবাদী মহিলা দল তৈরি করেছেন।
তিনি বলেন, অসংখ্য নারী নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের লোকজনদের দ্বারা, আওয়ামী লীগের আমলে। প্রত্যেকটি ঘটনায় জাতীয়তাবাদী মহিলা দল তারা রাজপথে এর প্রতিবাদ করেছে, এর বিরুদ্ধে তাদের কণ্ঠের আওয়াজ ধ্বনিত করেছে। জাতীয়তাবাদী মহিলা দল এদেশের নারী সমাজের মুক্তির জন্য, তাদের উন্নয়নের জন্য এবং নারীরা যদি ক্ষমতায়িত না হয়, ক্ষমতায়ন না হয়, তাহলে সভ্যতা সম্পূর্ণ হয় না- এই দর্শনকে মাথায় রেখেই জাতীয়তাবাদী মহিলা দল তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট। এবং সেই দর্শনকে ধারণ করেই এগিয়ে এসেছে জাতীয়তাবাদী মহিলা দল এবং সামনের দিকে তারা অগ্রসর হবে।
তিনি বলেন, গত আগস্ট মাসে বাংলাদেশের যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতি কমেছে। গ্যাসের সঙ্কট আছে, জ্বালানির সঙ্কট আছে। এই সঙ্কট তো আন্তর্জাতিক সঙ্কট। এই সঙ্কট গ্লোবাল সঙ্কট। এই সঙ্কট একক কোনো রাষ্ট্র, এটা আপনার এই মুহূর্তে নিরসন করা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত না আপনার আমেরিকা এবং ইরান যুদ্ধ থামে। কারণ হরমুজ প্রণালী, পারস্য উপসাগরে যে রাস্তাটি, সেটা হলো তেল আসার সবচাইতে বড় রাস্তা। আজকে সেখানে জাহাজ চলাচল বন্ধ হয়েছে। কিন্তু এই যে দেশের যে জ্বালানি সঙ্কট, এই সঙ্কট মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী তিনি নিরন্তর চেষ্টা করছেন। পূবের দেশ অর্থাৎ বার্মা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার তিনি ব্যবস্থা করছেন। ইতোমধ্যে গ্যাসবাহী যে কার্গোগুলো, তারা আসছে। এবং আমাদের যে টেকনিক্যাল ত্রুটি হয়েছিল মহেশখালীতে, আমাদের গভীর সমুদ্রে যে টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালে ত্রুটি হওয়ার কারণেও আমাদের গ্যাসের যে স্বাভাবিক প্রবাহ, সেটা বন্ধ ছিল; কিন্তু সেটা ঠিক হয়ে এসেছে এবং আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা স্বাভাবিক হয়ে আসছে।
সরকারের কঠোর নজরদারির ফলে কোনো পণ্যের দাম বাড়েনি বলেও মন্তব্য করে তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার নারী ক্ষমতায়ন ও শিক্ষার্থীদের অবৈতনিক ইন্টারমিডিয়েট পর্যন্ত করেছিলেন। তারই ছেলে প্রধানমন্ত্রীর তারেক রহমান বিএ অনার্স পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেছেন। এগুলো সম্পূর্ণরূপে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা।
প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মুয়াজ্জিন ও ইমাম কার্ড জীবন চলার মানকে উন্নত করেছে বলেও অভিমত দেন রিজভী।



