আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি।
তিনি আরো বলেন, ‘জুলাই মাসে সংঘটিত গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তারা দেশকে অস্থিতিশীল করতে এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে।’
সরকারের প্রতি অভিযোগ তুলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করেনি সরকার। রহস্যজনক কারণে মামলাগুলো এড়িয়ে যাওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। আমরা চাই, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হোক।’
নির্বাচনকে ঘিরে শরিক দলের সাথে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জোট গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। শরিকদের সাথে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা হচ্ছে।’
সংবিধান সংস্কারের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াধীন। সংবিধান ছাড়া অন্য সব বিষয়ে সংস্কারের জন্য সব দলের ঐকমত্য রয়েছে। কিন্তু নির্বাহী আদেশে সংবিধান সংস্কার হলে তা খারাপ নজির হয়ে থাকবে। এতে ভবিষ্যতে দেশে অস্থিরতা সৃষ্টি হবে।’



