আয়নাঘরে যে চেয়ারে গুমের শিকার ব্যক্তিদের ইলেকট্রিক শক দেয়া হতো শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।
মঙ্গলবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ দাবি জানান।
রেহেনা আক্তার রানু বলেন, ২৪ এর জুলাই আন্দোলনে আমাদের ফেনীর ১১ জন জীবন দিয়েছে। তাদের পরিবার আমি এমপি হওয়ার পর আমার সাথে এসে দেখা করে তারা পুলিশ প্রশাসন এবং আদালতের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছে- পুলিশ আসামিদের ধরছে না। আবার ধরলেও আদালত তাদের জামিন দিয়ে দিয়েছে। তারা আমাকে বলেছে- আমরা আপনাদের কাছে কিছু চাই না; আমরা শুধু আমাদের সন্তান হত্যার বিচার চাই। আপনি সংসদে এই কথাটি একটু তুলে ধরবেন।
রানু বলেন, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সেখানে একটা চেয়ার দেখলাম, যেখানে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেয়া হতো। যেই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শখ দেয়া হতো আমার দাবি- শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শখ দিতে হবে।
বিএনপির এ সংসদ সদস্য আরো বলেন, বাজেট নিয়ে অনেকে সমালোচনা করেছেন আবার অনেকে বলেছেন- বাজেট ভালো হয়েছে, কিন্তু বাস্তবায়ন করতে পারবেন তো? এই সরকারের বয়স চার মাস। এখনো প্রশাসনের বিভিন্ন চেয়ারে আওয়ামী লীগের দোসর বসে আছে, তারা সরকারকে সহযোগিতা করছে না। এই দুষ্টচক্রকে চেয়ারে বসিয়ে রেখে কতটুকু বাজেট বাস্তবায়ন করতে পারা যাবে, ভেবে দেখার সময় হয়েছে।
ব্যাংকের লুটেরাদের ক্ষমা নেই জানিয়ে তিনি বলেন, বাজেটে ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। ব্যাংকের হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার যে প্রস্তাব এবং সঞ্চয়পত্রের ১০ শতাংশ কর কাটার যে প্রস্তাব এই প্রস্তাব আমি প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, ব্যাংক লুটেরা-ব্যাংক ডাকাতরা কয়েকটি ব্যাংক গিলে খেয়ে ফেলেছে। তারা গ্রাহকের টাকা লুট করে বিদেশে আরামে আয়েশী জীবন যাপন করছে। আর আজকে গ্রাহকরা চিকিৎসার জন্য টাকা তুলতে পারছে না।
তিনি বলেন, যে সমস্ত লুটেরা গ্রাহকের টাকা লুট করেছে তাদের কোনো ক্ষমা নেই, ক্ষমা হতে পারে না। তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা গ্রাহকের হাতে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।
এ সময় তিনি বিরোধী দলের আন্দোলনের হুমকির প্রসঙ্গে বলেন, এই সরকারের চার মাস বয়স। বিরোধী দল বলে যে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হন বিপ্লবের জন্য প্রস্তুত হন। আমি তাদের কাছে বলতে চাই আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আমাদের অনৈক্যের কারণে দানব হাসিনা- আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক- আবার যদি ফিরে আসে যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন তাদের জীবনটা কালো করে ছাড়বে।



