ঋণখেলাপিদের বর্জনের আহ্বানের ড. আব্দুল মান্নানের

ড. আব্দুল মান্নান ঢাকার কাপ্তান বাজারে নির্বাচনী জনসভায় ঋণখেলাপিদের বর্জন ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
কাপ্তান বাজার এলাকায় ড. মো: আব্দুল মান্নানের নির্বাচনী জনসভা
কাপ্তান বাজার এলাকায় ড. মো: আব্দুল মান্নানের নির্বাচনী জনসভা |সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের বর্জনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মো: আব্দুল মান্নান।

শনিবার রাতে ওয়ারী থানার ৩৮ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর ওয়ারী পশ্চিম থানা আমির মোহাম্মদ ফারুক হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মো: আব্দুল মান্নান। এতে বিশেষ অতিথি ছিলেন আসন পরিচালক কামরুল আহসান হাসান, ওয়ারী দক্ষিণ থানা আমির মো: মাহফুজুর রহমান, ওয়ারী থানা এনসিপির সমন্বয়ক রিফাত খান প্রমুখ।

জনসভায় ড. আব্দুল মান্নান প্রতিদ্বন্দ্বী দলগুলো ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে উল্লেখ করে প্রশ্ন রাখেন, ‘ঋণখেলাপিরা কি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করবেন, নাকি জনগণের অর্থ লুট করে নিজেদের ঋণ পরিশোধ করবেন?’

তিনি বলেন, ‘আপনাদের ওপরই দায়িত্ব রইল সিদ্ধান্ত নেয়ার, আপনারা এই ঋণখেলাপিদের ভোট দেবেন কি না।’

তিনি আরো বলেন, কাপ্তান বাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। এখানকার ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজমুক্ত ব্যবসায়িক পরিবেশ গড়া আমাদের অন্যতম অঙ্গীকার।

তিনি এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কাপ্তান বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ড. আব্দুল মান্নানকে একজন যোগ্য ও শিক্ষিত প্রতিনিধি হিসেবে অভিহিত করেন।