বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসনে আন্দোলন-সংগ্রামে বিএনপির প্রতিটি গণসংযোগ ও কর্মসূচিতে জাতীয়তাবাদী চিকিৎসকদের সক্রিয় উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন জাতীয়তাবাদী চিকিৎসকরা।
তিনি বলেন, ‘২০০৯ সালের পর থেকে কিভাবে বিএনপির প্রতিটি নেতাকর্মী শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এক অসম যুদ্ধে নেমেছে। তারা রাষ্ট্রীয় বাহিনীর হাতে বর্বর নির্যাতনের শিকার হয়েছেন।’
বৃহস্পতিবার (৩ জুলাই) কুমিল্লার টাউন হল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা শাখার আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি পালন উপলক্ষে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আমিনুর রশিদ ইয়াছিন।
ডা: রফিক বিগত ১৬ বছরে বিএনপির নেতৃত্বে চলা আন্দোলন ও সংগ্রামের চিত্র তুলে ধরেন এবং উল্লেখ করেন যে, এই দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে তারেক রহমানের নেতৃত্বে একটি সুসংগঠিত প্রতিরোধ গড়ে ওঠে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, ড্যাব নেতা ডা: মো শরীফুল আলম, কুমিল্লা ড্যাবের তিন শাখার সভাপতি-সাধারণ সম্পাদক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জাতীয়তাবাদী চিকিৎসক নেতারা।



